পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩
রবিবার, ২ আগস্ট, ২০২৬ ১০:১০ এএম | আপডেট: রবিবার, ২ আগস্ট, ২০২৬ ১০:১০ এএম
দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে পর্যটকদের বহনকারী একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে এতে থাকা ১৩ জনের সবাই নিহত হয়েছেন। ঐতিহাসিক নাজকা লাইনস পরিদর্শনের উদ্দেশ্যে উড্ডয়নের পরপরই বিমানটি দুর্ঘটনার শিকার হয়।
রোববার (২ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পেরুর পুলিশ জানায়, বিমানটিতে ১১ জন যাত্রী ও দুইজন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনায় তাদের কেউই বেঁচে নেই। নিহতদের অধিকাংশই পর্যটক, যারা বিখ্যাত নাজকা লাইনস আকাশপথে দেখতে যাচ্ছিলেন।
দুর্ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তা মেজর জর্জ অন্দ্রেদে জানান, প্রাপ্ত তথ্য অনুযায়ী বিমানের সব আরোহীর মৃত্যু হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ছড়িয়ে পড়ায় তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি।
বিমানটি ইকা বিভাগের পিসকো শহর থেকে যাত্রা শুরু করেছিল। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ।
পর্যটননির্ভর দেশ হিসেবে পেরু বিশ্বজুড়ে ভ্রমণপিপাসুদের কাছে জনপ্রিয়। মাচু পিচুর ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ, কুস্কোর ঐতিহাসিক স্থাপনা এবং নাজকা লাইনস দেশটির প্রধান পর্যটন আকর্ষণ।
পেরুর বৈদেশিক বাণিজ্য ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশটিতে ৪১ লাখের বেশি বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন।
দক্ষিণাঞ্চলের উপকূলীয় মরুভূমিতে অবস্থিত নাজকা লাইনস বিশ্বের অন্যতম বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক নিদর্শন। ধারণা করা হয়, খ্রিস্টপূর্ব ৫০০ থেকে খ্রিস্টাব্দ ৫০০ সালের মধ্যে এসব বিশাল ভূ-চিত্র নির্মিত হয়। ইউনেস্কো এগুলোকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।
নাজকা লাইনসে প্রাণী, উদ্ভিদ, কাল্পনিক সত্তা এবং জ্যামিতিক নকশার বিশাল জিওগ্লিফ রয়েছে। এসব নিদর্শন সম্পূর্ণভাবে দেখতে অধিকাংশ পর্যটক আকাশপথে ভ্রমণ করে থাকেন।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন
- হরমুজ প্রণালি খুলে দেওয়ার শর্তে ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প
- যুক্তরাষ্ট্রে ভিসা পেতে বাংলাদেশসহ ৫০ দেশের জামানত বাধ্যতামূলক
- কঙ্গোতে ইবোলায় মৃত্যু ছাড়াল দেড় হাজার, নিয়ন্ত্রণ ছাড়িয়ে যাওয়ার শঙ্কা
- বাংলাদেশের ভ্রমণ সতর্কতায় বড় পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র
- বাংলাদেশকে ধন্যবাদ জানালেন আমিরাতের প্রেসিডেন্ট, শিগগিরই ঢাকা সফরের আগ্রহ
- মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ছে যুদ্ধ,যুক্তরাষ্ট্রের তিনটি এফ-৩৫ ধ্বংসের দাবি ইরানের
- বিরতি ভেঙে ইরানে ফের মার্কিন হামলা শুরু
- রাশিয়া-ইউক্রেন পাল্টাপাল্টি হামলায় নিহত অন্তত ১০