1. »
  2. আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় ভূমিধস ও বন্যায় নিহত ৭, বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান

বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ১০:৪৪ এএম | আপডেট: বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ১০:৪৪ এএম

শ্রীলঙ্কায় ভূমিধস ও বন্যায় নিহত ৭, বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান

শ্রীলঙ্কার পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টিপাতের জেরে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এ ঘটনার পর দেশটির সরকার ক্ষতিগ্রস্ত এলাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মুখপাত্র প্রদীপ কোডিপিলি জানান, মধ্য শ্রীলঙ্কায় ভূমিধসে দুটি ঘরবাড়ি মাটিচাপা পড়ে ৫ জনের মৃত্যু হয়েছে, আর বন্যাজনিত দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও ২ জন। 

টানা এই বৃষ্টি ও বন্যায় অন্তত ১২৯টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ৩ হাজার ৫০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

আটকে পড়াদের উদ্ধারে দেশটির নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্যদের মাঠে নামানো হয়েছে। স্থানীয় টিভি চ্যানেল হিরু টিভিতে দেখা গেছে, সেনা সদস্যরা জলমগ্ন সড়ক দিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছেন। 

নুয়ারা এলিয়া ও বাদুল্লা জেলাসহ শ্রীলঙ্কার পাহাড়ি চা বাগান অঞ্চলগুলো বর্ষা মৌসুমে এমন প্রাকৃতিক দুর্যোগের জন্য বরাবরই ঝুঁকিপূর্ণ।

গত নভেম্বরে আঘাত হানা ঘূর্ণিঝড় দিতওয়াহর ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই নতুন এই দুর্যোগের মুখোমুখি হলো শ্রীলঙ্কা। ওই ঘূর্ণিঝড়ে প্রায় ৬৪০ জনের মৃত্যু হয়েছিল এবং ক্ষতি হয়েছিল আনুমানিক ৪ দশমিক ১ বিলিয়ন ডলারের। 

আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে কবে নাগাদ বিদ্যালয় পুনরায় চালু হবে, তা পরে জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সূত্র: আল জাজিরা