1. »
  2. আন্তর্জাতিক

ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩০

শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ১০:১৮ এএম | আপডেট: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ১০:১৮ এএম

ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩০

ইয়েমেনের মারিব ও হাদরামৌত প্রদেশে সরকারি বাহিনীর একাধিক সামরিক শিবিরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। এতে অন্তত ৩০ জন সেনা নিহত এবং ৫০ জনের বেশি আহত হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, দেশটির গৃহযুদ্ধে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ হামলা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ইয়েমেনি সামরিক সূত্র জানায়, হুতিরা মারিবের উত্তরে অবস্থিত আল-জাওফ প্রদেশ থেকে হাদরামৌতের আল-থিনিয়া ও আল-আবর এবং মারিবের আল-রুক এলাকা লক্ষ্য করে অন্তত আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। 

হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে চালানো এই হামলায় ‘শত শত’ হতাহতের ঘটনা ঘটেছে।

ইয়েমেনি সামরিক বাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করে একে হুতিদের বিরুদ্ধে তাদের নিজস্ব অভিযানের প্রতিক্রিয়া বলে অভিহিত করেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

২০১৪ সালে হুতিরা রাজধানী সানা দখলের মধ্য দিয়ে ইয়েমেনের সর্বশেষ যুদ্ধ শুরু হয়। পরের বছর সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক হস্তক্ষেপ শুরু করলেও হুতিদের পুরোপুরি পরাজিত করা সম্ভব হয়নি। ২০২২ সালের এপ্রিলে কার্যত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই সবচেয়ে বড় সংঘাত বলে জানা যাচ্ছে।

সূত্র: আল জাজিরা