জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার আদেশ ট্রাম্পের
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ১০:২৯ এএম | আপডেট: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ১০:২৯ এএম
জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার সুযোগ সীমিত করার লক্ষ্যে নতুন দুটি নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে সুপ্রিম কোর্টের একটি রায়ের পরও মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনীকে ঘিরে বিতর্কিত এই লড়াই আবার সামনে নিয়ে এলেন তিনি।
গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনের হোয়াইট হাউসের ওভাল অফিসে সই হওয়া এই আদেশগুলোর একটির লক্ষ্য কথিত ‘বার্থ ট্যুরিজম’ বা সন্তান জন্মদানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ বন্ধ করা, যার আওতায় অন্তঃসত্ত্বা বিদেশি নারীরা সন্তান প্রসবের জন্য যুক্তরাষ্ট্রে যান।
অন্য আদেশটি জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে ঐতিহাসিকভাবে চলে আসা কিছু ব্যতিক্রমী নিয়মের নতুন ব্যাখ্যা দিয়ে অযোগ্য ব্যক্তিদের তালিকা সম্প্রসারিত করেছে।
এর আগে ট্রাম্পের দেওয়া একটি ব্যাপকভিত্তিক নির্বাহী আদেশ অসাংবিধানিক ঘোষণা করে বাতিল করে দিয়েছিলেন সুপ্রিম কোর্ট, যেখানে যুক্তরাষ্ট্রে অবৈধ বা সাময়িকভাবে বসবাসকারী বিপুলসংখ্যক অভিবাসীকে নিশানা করা হয়েছিল।
গত ৩০ জুন এই ধাক্কা খাওয়ার পর ট্রাম্প প্রথমে মার্কিন কংগ্রেসকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, তবে শেষ পর্যন্ত নির্বাহী আদেশের পথই বেছে নিলেন—যদিও কংগ্রেসের পাস করা আইনের তুলনায় নির্বাহী আদেশ কম শক্তিশালী।
ট্রাম্প প্রশাসনের দাবি, নতুন এই নির্দেশনা সুপ্রিম কোর্টের রায়ের আওতাভুক্ত নয়, কারণ এবার জন্মসূত্রে নাগরিকত্বের ঐতিহাসিক ব্যতিক্রমী নিয়মগুলোর নতুন ব্যাখ্যা দেওয়া হয়েছে। সই অনুষ্ঠানে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার বলেন, এই আদেশের মাধ্যমে বার্থ ট্যুরিজমের চর্চা এখন থেকে নিষিদ্ধ।
সূত্র: রয়টার্স
আরও পড়ুন
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশিকে উদ্ধার, গ্রেপ্তার ১
- ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩০
- যুদ্ধ ও এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে ফের বাড়তে পারে খাদ্যপণ্যের দাম: জাতিসংঘ
- ইরান-ওমান আলোচনায় অগ্রগতি, বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
- শ্রীলঙ্কায় ভূমিধস ও বন্যায় নিহত ৭, বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান
- হরমুজ প্রণালি খুলে দেওয়ার শর্তে ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প
- যুক্তরাষ্ট্রে ভিসা পেতে বাংলাদেশসহ ৫০ দেশের জামানত বাধ্যতামূলক
- পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩