1. »
  2. আন্তর্জাতিক

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশিকে উদ্ধার, গ্রেপ্তার ১

শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ১১:০০ এএম | আপডেট: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ১১:০০ এএম

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশিকে উদ্ধার, গ্রেপ্তার ১

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে অপহরণের কবল থেকে ১৩ জন বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির অবৈধ অভিবাসনবিরোধী সংস্থার ইস্ট ত্রিপোলি শাখা। এ ঘটনায় মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে এক সিরীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। খবর অনলাইন লিবিয়া অবজার্ভারের।

সংস্থাটি তাদের ফেসবুক বিবৃতিতে জানায়, ইস্ট ত্রিপোলি অভিবাসী আটককেন্দ্রের তদন্ত ও গ্রেপ্তার ইউনিটের কাছে তথ্য আসে যে একটি অপরাধী চক্র নতুন করে লিবিয়ায় পৌঁছানো অভিবাসীদের অপহরণ করে তাদের স্বজনদের কাছে মুক্তিপণ দাবি করছে। 

তথ্য পাওয়ার পরপরই তদন্তকারীরা প্রাথমিক অনুসন্ধান শুরু করেন এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে অপহৃতদের আটকে রাখার স্থান ও প্রধান সন্দেহভাজনের পরিচয় শনাক্ত করেন।

পাবলিক প্রসিকিউশনের অনুমতি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ওই স্থানে অভিযান চালিয়ে ১৩ বাংলাদেশিকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকে অভিযুক্ত সিরীয় নাগরিককে গ্রেপ্তার করে। 

সংস্থার দাবি, তদন্তে পাওয়া তথ্য-প্রমাণের মুখোমুখি হয়ে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত অপরাধের কথা স্বীকার করেন। পরে তার জবানবন্দি নথিভুক্ত করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তকে বিচারপূর্ব হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে পাবলিক প্রসিকিউশন। অপহরণচক্রের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।