হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে, দাবি ট্রাম্পের
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ১১:১৬ এএম | আপডেট: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ১১:১৬ এএম
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিয়ে নতুন করে বড় দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত চলমান থাকার মধ্যেই তিনি জানিয়েছেন, এই নৌপথ এখন পুরোপুরি মার্কিন নৌবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রণালিতে থাকা মাইন শনাক্ত করে অপসারণের কাজও তারা চালিয়ে যাচ্ছে।
সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালি এখন উন্মুক্ত এবং এর নিয়ন্ত্রণ একমাত্র যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর হাতে।
তবে মাঝেমধ্যে নতুন করে মাইন পাতা হচ্ছে বলেও স্বীকার করেন তিনি, আর সেগুলো মার্কিন বাহিনী শনাক্ত করে সরিয়ে ফেলছে বলে জানান। এর আগে একই দাবিতে তিনি বলেছিলেন, পুরো প্রণালি থেকে মাইন অপসারণ সম্পন্ন হয়েছে এবং জলপথটি এখন শতভাগ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাস পরিবহন করা হয়। এই পথে জাহাজ চলাচলে কোনো ব্যাঘাত ঘটলে তার প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। পাঁচ মাসের বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে এই নিরাপত্তা প্রশ্ন ক্রমেই উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, আর এরই মধ্যে প্রণালিতে ২০টির বেশি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের খবরও এসেছে।
সম্ভাব্য আলোচনায় ইরানের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের দাবি নতুন করে জানিয়েছেন ট্রাম্প। ইরানের হামলায় নিহত মার্কিন নাগরিকদের পরিবারের জন্য ক্ষতিপূরণ চাওয়ার কথাও বলেছেন তিনি। প্রসঙ্গত, এর আগে ইরানও যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি করে আসছিল।
অন্যদিকে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়ার আগে ওয়াশিংটনের কাছে একাধিক শর্ত পূরণের দাবি জানিয়ে আসছে তেহরান। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং ইরানের ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি। ফলে নৌপথটি পুরোপুরি স্বাভাবিক করার প্রশ্নে দুই পক্ষের অবস্থানে এখনো স্পষ্ট দূরত্ব থেকে যাচ্ছে।
সূত্র: আল-জাজিরা
আরও পড়ুন
- লিবিয়ার বৃহত্তম তেল শোধনাগারে আগুন, ড্রোন হামলার অভিযোগ
- কলম্বিয়ার ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৩২
- হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে কঠোর শর্ত ইরানের
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশিকে উদ্ধার, গ্রেপ্তার ১
- জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার আদেশ ট্রাম্পের
- ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩০
- যুদ্ধ ও এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে ফের বাড়তে পারে খাদ্যপণ্যের দাম: জাতিসংঘ
- ইরান-ওমান আলোচনায় অগ্রগতি, বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম