ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে ভর্তির নির্দেশ
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ০৫:২৮ পিএম | আপডেট: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬ ০৫:২৮ পিএম
স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আদিয়ালা জেল থেকে বেসরকারি শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
আজ মঙ্গলবার বিচারপতি শহিদ ওয়াহিদের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই অন্তর্বর্তী আদেশ দেয়। বেঞ্চে আরও ছিলেন বিচারপতি নাঈম আখতার আফগান ও বিচারপতি ইশতিয়াক ইব্রাহিম।
ইমরানের চিকিৎসা ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ সংক্রান্ত একাধিক পিটিশনের শুনানি শেষে এই নির্দেশ আসে। আবেদনকারীদের মধ্যে ছিলেন ইমরানের বোন ডা. উজমা খান, তার আইনজীবী উজায়ের ভান্ডারি এবং পিটিআই নেতা মাশাল ইউসুফজাই।
এর আগে সোমবার আদিয়ালা জেলের সুপারিনটেন্ডেন্ট আদালতে একটি সংক্ষিপ্ত মেডিক্যাল রিপোর্ট জমা দেন, যাতে জেলে ইমরানের চিকিৎসা ও স্বাস্থ্য পর্যবেক্ষণের বিবরণ ছিল। তবে বিচারপতি ওয়াহিদ শুধু সারসংক্ষেপ জমা দেওয়া নিয়ে ইসলামাবাদের অ্যাডভোকেট জেনারেল আমির রেহমানের কাছে ব্যাখ্যা চান এবং সম্পূর্ণ মেডিক্যাল রেকর্ড জমা দেওয়ার নির্দেশ দেন।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইমরানকে কড়া নিরাপত্তায় শিফা হাসপাতালে স্থানান্তর করতে হবে। আগামী ১৬ সেপ্টেম্বর পরবর্তী শুনানি পর্যন্ত তিনি সেখানেই চিকিৎসাধীন থাকবেন।
তার সার্বিক পরীক্ষার জন্য হাসপাতালে একটি মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশও দিয়েছে আদালত, যেখানে থাকবেন ইমরানের ব্যক্তিগত চিকিৎসক ও তার বোন, চিকিৎসক উজমা খান। পাশাপাশি সপ্তাহে একবার পরিবারের সঙ্গে সাক্ষাতের সুযোগ এবং ছেলেদের সঙ্গে টেলিফোনে কথা বলার ব্যবস্থাও নিশ্চিত করতে বলা হয়েছে। চিকিৎসার সব ব্যয় বহন করবে পিটিআই।
আদালত স্পষ্ট করে দিয়েছে, ইমরানের মেডিক্যাল রিপোর্ট গণমাধ্যমে প্রকাশ বা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না। শিফা হাসপাতালের আশপাশে কোনো জনসমাবেশ বা সমাবেশের আয়োজনও নিষিদ্ধ করা হয়েছে। এই নির্দেশ লঙ্ঘিত হলে ইমরানকে দেওয়া সুযোগ-সুবিধা প্রত্যাহারের হুঁশিয়ারিও দিয়েছে আদালত।
২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি ৭৩ বছর বয়সী ইমরান খান তোষাখানা দুর্নীতিসহ একাধিক মামলায় সাজাপ্রাপ্ত। ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে রাষ্ট্রীয় উপহার সংক্রান্ত অভিযোগ ও একটি অবৈধ বিবাহ মামলাসহ একাধিক আইনি জটিলতার মুখে পড়েন তিনি। ইমরান ও তার দল দাবি করে আসছে, রাজনৈতিক উদ্দেশ্যেই তাকে সাজা দেওয়া হয়েছে। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দাবি করেন, ইমরানের মেডিক্যাল রিপোর্ট উদ্বেগজনক— তার উদ্বেগজনিত সমস্যা, উচ্চ রক্তচাপ ও হৃদস্পন্দনের মাত্রা নিয়ে সতর্ক করেন তিনি, এবং স্বতন্ত্র চিকিৎসক প্যানেলের অধীনে দ্রুত হাসপাতালে স্থানান্তরের আহ্বান জানান।
আরও পড়ুন
- ইন্দোনেশিয়ায় ফের ৫.৯ মাত্রার ভূমিকম্পের আঘাত
- ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৯ বাংলাদেশির মৃত্যু
- ভারতের মন্দিরে পদদলিত হয়ে ৭ নারীর মৃত্যু
- মক্কা প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প
- দক্ষিণ লেবাননে ভয়াবহ বিমান হামলায় নিহত ১১
- লিবিয়ার বৃহত্তম তেল শোধনাগারে আগুন, ড্রোন হামলার অভিযোগ
- কলম্বিয়ার ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৩২
- হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে, দাবি ট্রাম্পের