1. »
  2. আন্তর্জাতিক

কলকাতায় অগ্নিকাণ্ডে ৯ প্রাণহানি, হোটেল মালিক গ্রেপ্তার

রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ১১:০০ এএম | আপডেট: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ১১:০০ এএম

কলকাতায় অগ্নিকাণ্ডে ৯ প্রাণহানি, হোটেল মালিক গ্রেপ্তার

ধর্মতলার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানির ঘটনায় হোটেলটির মূল মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। 

শনিবার (২২ আগস্ট) বেহালার ডায়মন্ড হারবার রোড এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গত মঙ্গলবার মধ্যরাতে পাঁচতলা ভবনটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ৯ জনের মধ্যে দুজন ভারতীয় ও সাতজন বাংলাদেশি নাগরিক। ঘটনার পর থেকে হোটেলটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা ও বৈধতা নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রশ্ন ও ক্ষোভ তৈরি হয়।

তদন্তে বেরিয়ে এসেছে, ভবনটিতে ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থাও ছিল না। জনবহুল এলাকার পাঁচতলা ভবনটিতে জরুরি নির্গমনের জন্য ছিল কেবল একটি লোহার সিঁড়ি ও একটিমাত্র লিফট।

পুলিশি তদন্তে জানা গেছে, ভবনটির তিন ও পাঁচতলায় অবস্থিত শিখা ইন হোটেলটি দুই ভাগে ভাগ করে আলাদা ব্যক্তিদের কাছে লিজ দিয়েছিলেন মালিক বীরেশ্বর মিত্র—একটি অংশ আবু জাফরের কাছে, অন্য অংশ উমেশ ও জিতেন্দ্র সিংয়ের কাছে।

এর আগে লিজগ্রহীতা আবু জাফরকে গ্রেপ্তার করা হয়েছিল। অপর লিজগ্রহীতা উমেশ ও জিতেন্দ্র সিংকেও পুলিশ নিবিড় জিজ্ঞাসাবাদ করেছে। অবহেলাজনিত মৃত্যু ও নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে হোটেল মালিক বীরেশ্বর মিত্রকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।