সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে পাঠালেন ট্রাম্প, শর্ত ইসরায়েল স্বীকৃতি
বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ০১:১৩ পিএম | আপডেট: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬ ০১:১৩ পিএম
সৌদি আরবের সঙ্গে একটি প্রস্তাবিত বেসামরিক পারমাণবিক প্রযুক্তি হস্তান্তর চুক্তি মার্কিন কংগ্রেসে পাঠিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, রিয়াদ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে এই চুক্তি কখনোই কার্যকর হবে না। মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জুলাইয়ে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি এই চুক্তির আওতায় মার্কিন প্রতিষ্ঠানগুলো সৌদি আরবে বেসামরিক পারমাণবিক প্রযুক্তি রপ্তানি করতে পারবে এবং দেশটিতে নির্মিত হবে ‘এপি১০০০’ রিয়্যাক্টর।
কয়েক হাজার কোটি ডলার মূল্যের এই প্রকল্প থেকে সবচেয়ে বেশি লাভবান হবে ওয়েস্টিংহাউস, যার মালিকানায় রয়েছে কানাডাভিত্তিক ক্যামেকো ও ব্রুকফিল্ড অ্যাসেট ম্যানেজমেন্ট।
কংগ্রেসের সূত্র জানায়, চুক্তিটি যাচাইয়ের জন্য আইনপ্রণেতাদের হাতে ৯০ কার্যদিবস সময় থাকছে। এই সময়ের মধ্যে আপত্তি না উঠলে চুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যাবে।
কংগ্রেস প্রত্যাখ্যান করলেও প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে থাকবে ভেটো ক্ষমতা, আর সেই ভেটো টেকাতে হলে কংগ্রেসে প্রয়োজন হবে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা।
২০২০-২১ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এর আওতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ইতিমধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে। ট্রাম্প ও তাঁর পূর্বসূরি জো বাইডেন—দুই প্রশাসনই সৌদি আরবকে এই চুক্তিতে যুক্ত করতে আগ্রহী ছিল। ২০২৩ সালের মাঝামাঝি রিয়াদ ও তেল আবিব সমঝোতার কাছাকাছি পৌঁছালেও অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ায় সেই প্রক্রিয়া থমকে যায়। সৌদি আরব বরাবরই বলে আসছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সুনির্দিষ্ট ও অপরিবর্তনীয় পথ নিশ্চিত না হলে তারা ইসরায়েলকে স্বীকৃতি দেবে না।
চুক্তিটি কংগ্রেসে পাঠানোর পরই ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা ও পারমাণবিক নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের যুক্তি, ২০০৯ সালে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে হওয়া মার্কিন পারমাণবিক চুক্তিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও বর্জ্য পুনঃপ্রক্রিয়াকরণ কঠোরভাবে নিষিদ্ধ ছিল—আন্তর্জাতিকভাবে যা পরিচিত ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ নামে। কিন্তু সৌদি আরবের জন্য প্রস্তাবিত এই নতুন চুক্তিতে সে ধরনের কঠোর বিধিনিষেধ নেই, যা ভবিষ্যতে রিয়াদের পারমাণবিক অস্ত্র তৈরির পথ খুলে দিতে পারে বলে বিশেষজ্ঞদের আশঙ্কা। ত
বে ট্রাম্প প্রশাসনের দাবি, আইন অনুযায়ী প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা চুক্তিতে নিশ্চিত করা হয়েছে।
সূত্র: রয়টার্স
আরও পড়ুন
- বিশ্বজুড়ে ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র
- কলকাতায় অগ্নিকাণ্ডে ৯ প্রাণহানি, হোটেল মালিক গ্রেপ্তার
- বঙ্গোপসাগরে কার্গো জাহাজ ডুবি, বাংলাদেশি নাবিকসহ নিখোঁজ ২২
- সর্বোচ্চ অর্থনৈতিক চাপে ইরান শেষ পর্যন্ত চুক্তি করতে বাধ্য হবে: ভ্যান্স
- হাসপাতালে থেকে ফের কারাগারে ইমরান খান
- নাইজেরিয়ায় নৌকাডুবিতে মৃত বেড়ে ৫০, বেশিরভাগই শিশু
- কলকাতায় হোটেলে ভয়াবহ আগুনে ৯ বাংলাদেশির মৃত্যু
- ইমরান খানকে ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালে ভর্তির নির্দেশ