1. »
  2. আন্তর্জাতিক

মক্কায় রেড অ্যালার্ট জারি

বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ০৫:৪৩ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ ০৫:৪৩ পিএম

মক্কায় রেড অ্যালার্ট জারি

ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সৌদি আরবের মক্কা অঞ্চলের কয়েকটি এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মেটিওরোলজি (এনসিএম)।

আজ বৃহস্পতিবার প্রকাশিত দৈনিক পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, মক্কার তাইফ, আল কামিল, আদহাম ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রঝড়, শিলাবৃষ্টি ও শক্তিশালী বাতাস বয়ে যেতে পারে, যা ধুলা-বালুঝড় সৃষ্টি করতে পারে।

মদিনা অঞ্চলের আল আইস, আল মাহদ, বদর ও আশপাশের এলাকার জন্য মাঝারি বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট এবং মক্কার রাবিগ, জেদ্দা, আল খুরমাহ ও আশপাশের এলাকার জন্য হালকা বৃষ্টি ও ধুলিঝড়ের ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। 

এ ছাড়া জাজান, আসির, আল বাহা ও মদিনার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বজ্রঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। 

উত্তর সীমান্ত অঞ্চল ও জাজানের কিছু অংশ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশ ও রিয়াদ অঞ্চলের দক্ষিণাংশেও সক্রিয় বাতাসসহ বৃষ্টিবাহী বজ্রমেঘ তৈরি হতে পারে বলে জানিয়েছে এনসিএম। 

পূর্ব সৌদির উপকূলীয় এলাকায় রাত ও ভোরের দিকে কুয়াশায় দৃষ্টিসীমা কমে যাওয়ারও আশঙ্কা রয়েছে।

বৈরী আবহাওয়া সত্ত্বেও দেশটির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা থাকবে ৪০ ডিগ্রির ওপরে।