1. »
  2. আন্তর্জাতিক

নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ৪৭২, নতুন বিপর্যয়ের শঙ্কায় চীনের সতর্কতা

শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ১১:১১ এএম | আপডেট: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ১১:১১ এএম

নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ৪৭২, নতুন বিপর্যয়ের শঙ্কায় চীনের সতর্কতা

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭২ জনে। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ১৪০০ জন। তৃতীয় দিনের মতো নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দলগুলো। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকাজ এগোনোর সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। নেপাল পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৬ আগস্ট) নেপালের ভোতেকোশি ও ত্রিশূলী নদী অঞ্চলে ভয়াবহ বন্যার ঢল ও ভূমিধসের পর এই বিপর্যয় সৃষ্টি হয়। এতে বাড়িঘর, সড়ক ও সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার রাত পর্যন্ত নেপালে অবস্থানরত ২৯০ জন ভারতীয়ের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে ৮৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, যাদের মধ্যে ত্রিশূলী-১ প্রকল্পের ৬৩ জন কর্মী ও তামিলনাড়ুর ২১ জন রয়েছেন। 

নেপালের পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল জানান, বন্যার পর প্রায় ৩০০ ভারতীয় পর্যটক নিখোঁজ হয়েছিলেন, যদিও নেপাল ট্যুরিজম বোর্ডের সর্বশেষ তথ্যে এখন ১৭৮ জন ভারতীয় নিখোঁজ থাকার কথা বলা হয়েছে। 

নেপাল ও তিব্বত মিলিয়ে মোট নিখোঁজের সংখ্যা ৮২৬ জন বলে জানা গেছে, যাদের মধ্যে ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, পর্তুগাল, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন।

এদিকে আগের বিপর্যয়ের ক্ষত কাটিয়ে ওঠার আগেই নতুন বন্যার আশঙ্কা প্রকাশ করেছে চীন। দেশটির পানি সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, নেপালে ছোচেন খোলা ও পুরেপু সাংপো নদীর মিলনস্থলের কাছে একটি প্রাকৃতিক বাঁধের কারণে সৃষ্ট জলাধার বা ‘ব্যারিয়ার লেক’-এ বৃহস্পতিবার সকাল পর্যন্ত প্রায় ২০ লাখ ঘনমিটার পানি জমেছে। আরও পানি জমতে থাকলে এই প্রাকৃতিক বাঁধ ভেঙে যাওয়ার শঙ্কা রয়েছে, যা নেপালের দিকে বিপুল পরিমাণ পানি নামিয়ে আরেক দফা ভয়াবহ বন্যা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করা হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস