লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করলেন ট্রাম্প, প্রত্যাখ্যান কানাডার
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ১১:২২ এএম | আপডেট: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ১১:২২ এএম
উপসাগর অব মেক্সিকোর নাম বদলে ‘গালফ অব আমেরিকা’ করার এক বছরের মাথায় এবার উত্তর আমেরিকার অন্যতম বৃহৎ হ্রদ লেক অন্টারিওর নাম বদলানোর নির্বাহী আদেশে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ আগস্ট) ওভাল অফিসে সাংবাদিকদের সামনে তিনি জানান, আজ থেকেই হ্রদটির নাম হবে ‘লেক আমেরিকা’।
কানাডার সঙ্গে চলমান বাণিজ্য বিরোধের মধ্যেই এই ঘোষণা এলো। ট্রাম্প বলেন, এই পরিবর্তন নিয়ে তিনি দীর্ঘদিন ধরেই ভাবছিলেন। তবে তার এই সিদ্ধান্ত কেবল যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের ব্যবহারের ক্ষেত্রেই প্রযোজ্য — কানাডা, আন্তর্জাতিক সংস্থা বা অন্য কোনো প্রতিষ্ঠানকে হ্রদটির নাম পরিবর্তনে বাধ্য করার ক্ষমতা এই আদেশের নেই।
উল্লেখ্য, লেক অন্টারিওর জলভাগের প্রায় ৫২ শতাংশ কানাডায়, বাকি অংশ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে অবস্থিত।
ট্রাম্পের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি স্পষ্ট জানিয়ে দেন, তারা নাম পরিবর্তন মানবেন না।
তিনি বলেন, লেকটির নাম কানাডা ও যুক্তরাষ্ট্র—দুই দেশ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ারও ৪০০ বছরের বেশি আগে থেকে প্রচলিত। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, আমেরিকা বদলাচ্ছে জেনেও কানাডীয়রা বাস্তবতাকে তার সঠিক নামেই ডাকবে—লেক অন্টারিও, তখন, এখন এবং সবসময়।
শুধু কানাডাই নয়, খোদ যুক্তরাষ্ট্র থেকেও এসেছে সমালোচনা। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল জানিয়ে দিয়েছেন, তারা হ্রদটিকে নতুন নামে ডাকবেন না। ভারমন্টের রিপাবলিকান গভর্নর ফিল স্কট এই সিদ্ধান্তকে ‘তুচ্ছ ও হতাশাজনক’ বলে আখ্যা দেন।
এ ছাড়া কুইবেকের ওয়েন্ডাট জাতির গ্র্যান্ড চিফ পিয়ের পিকার্ড তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ‘অন্টারিও’ নামটি ওয়েন্ডাট ভাষা থেকে এসেছে, যার অর্থ ‘হ্রদটি সুন্দর ও বিশাল’, আর ট্রাম্প এই সিদ্ধান্তের মাধ্যমে তাদের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছেন।
এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্র-কানাডা বাণিজ্য সম্পর্ক ইতিমধ্যে উত্তপ্ত। গত সপ্তাহে তিন দিনের তীব্র আলোচনার পরও দুই দেশের বাণিজ্য আলোচনা ভেঙে যায়, যার জন্য উভয় পক্ষই একে অপরকে দায়ী করছে। এর মধ্যেই ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্কের প্রভাব পড়েছে দুই দেশের মধ্যে দশ হাজার কোটি ডলারের বেশি মূল্যের পণ্য বাণিজ্যে।
দিডি/মোজাহিদ
আরও পড়ুন
- ২৯ সেপ্টেম্বর প্রথম দফায় মিয়ানমার ফিরছেন ১৪৭৬ রোহিঙ্গা
- নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ৪৭২, নতুন বিপর্যয়ের শঙ্কায় চীনের সতর্কতা
- হরমুজ প্রণালি খুলতে ইরানকে নিষেধাজ্ঞামুক্তির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, অনড় তেহরান
- মক্কায় রেড অ্যালার্ট জারি
- বিশ্বজুড়ে ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র
- সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে পাঠালেন ট্রাম্প, শর্ত ইসরায়েল স্বীকৃতি
- কলকাতায় অগ্নিকাণ্ডে ৯ প্রাণহানি, হোটেল মালিক গ্রেপ্তার
- বঙ্গোপসাগরে কার্গো জাহাজ ডুবি, বাংলাদেশি নাবিকসহ নিখোঁজ ২২