বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩২ এএম | আপডেট: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০১ পিএম
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা ইস্যুর ওপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি ফেডারেল আদালতের রায়ের পর গত ২১ আগস্ট থেকে এই স্থগিতাদেশ আর কার্যকর নেই।
২৮ আগস্ট হালনাগাদ করা মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল। অভিবাসী ভিসার মাধ্যমেই মূলত যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি হয় এবং পরে গ্রিন কার্ড পাওয়ার পথও খুলে যায়। তখন মার্কিন কর্তৃপক্ষের যুক্তি ছিল, এসব দেশের যেসব আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার আশঙ্কা বেশি, তাদের অতিরিক্ত যাচাই প্রয়োজন। এই যুক্তিতেই ভিসা ইস্যু স্থগিত রাখা হয়েছিল।
এই নীতির বিরুদ্ধে আদালতে মামলা করে ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক (সিএলআইএনআইসি)। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বিবাদী করে করা এই মামলার রায় দেন নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল বিচারক জেনেট ভার্গাস।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়, শুধু নির্দিষ্ট দেশের নাগরিক হওয়ার কারণে অভিবাসী ভিসা আটকে রাখা অভিবাসন ও জাতীয়তা আইনের (ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট) অধীনে পররাষ্ট্রমন্ত্রীর ক্ষমতার সীমা লঙ্ঘন করেছে।
আদালতের রায়ের পরপরই গত ২১ আগস্ট থেকে অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ আর কার্যকর নেই। এর ফলে বাংলাদেশসহ ওই ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া আবার শুরু করা যাবে। তবে আবেদনকারীদের স্বাভাবিক ভিসা-সংক্রান্ত সব শর্ত পূরণ করতে হবে।
উল্লেখ্য, স্থগিতাদেশ চলাকালেও আগে ইস্যু করা ভিসাগুলো বাতিল করা হয়নি। একই সময়ে নতুন আবেদন জমা দেওয়া এবং সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগও ছিল। মূলত আবেদনের চূড়ান্ত পর্যায়ে ভিসা ইস্যু করার ওপরই স্থগিতাদেশটি বলবৎ ছিল।
এই নীতির আওতায় থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামাস, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, কেপ ভার্দে, কলম্বিয়া, কিউবা, মিশর, ইথিওপিয়া, জর্জিয়া, গুয়াতেমালা, হাইতি, ইরান, ইরাক, জর্ডান, কাজাখস্তান, কুয়েত, লেবানন, লিবিয়া, মঙ্গোলিয়া, মরক্কো, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, রাশিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, উগান্ডা, উজবেকিস্তান ও ইয়েমেনসহ মোট ৭৫টি দেশ।
সূত্র: রয়টার্স
আরও পড়ুন
- ২৯ সেপ্টেম্বর প্রথম দফায় মিয়ানমার ফিরছেন ১৪৭৬ রোহিঙ্গা
- লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করলেন ট্রাম্প, প্রত্যাখ্যান কানাডার
- নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ৪৭২, নতুন বিপর্যয়ের শঙ্কায় চীনের সতর্কতা
- হরমুজ প্রণালি খুলতে ইরানকে নিষেধাজ্ঞামুক্তির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, অনড় তেহরান
- মক্কায় রেড অ্যালার্ট জারি
- বিশ্বজুড়ে ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র
- সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে পাঠালেন ট্রাম্প, শর্ত ইসরায়েল স্বীকৃতি
- কলকাতায় অগ্নিকাণ্ডে ৯ প্রাণহানি, হোটেল মালিক গ্রেপ্তার