'শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে' : ইরান
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৩৫ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৮:৩৫ পিএম
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল আহমাদ ওয়াহিদি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন 'অপরাধী বাহিনীর' হাতে নিহত শহীদদের নিরপরাধ রক্ত কখনো ভুলে যাওয়া হবে না এবং এই রক্তপাতের শাস্তি হবেই।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন। খবর তাসনিম নিউজ এজেন্সির।
গত মঙ্গলবার ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি উপকূলীয় শহরে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা চালায় মার্কিন বাহিনী। এতে এক শিশুসহ অন্তত চারজন নিহত এবং আরও ৬৮ জন আহত হয়েছেন। এই হামলাকে "যুদ্ধাপরাধ" আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন আইআরজিসি প্রধান।
ওয়াহিদি তার বার্তায় বলেন, সন্ত্রাসী ও অমানবিক এই কর্মকাণ্ডের মাধ্যমে আবারও যুক্তরাষ্ট্রের অশুভ ও শয়তানি চেহারা বিশ্বের সামনে উন্মোচিত হয়েছে।
তিনি বলেন, প্রিয় মাতৃভূমির নিরাপদ পরিবেশে একটি বিয়ের অনুষ্ঠানে নারী, পুরুষ ও শিশুদের মাঝে সংঘটিত এই ভয়াবহ অপরাধ বিপ্লব ও ইসলামী ব্যবস্থার শত্রুদের দীর্ঘদিনের শত্রুতা ও ঘৃণার গভীরতা প্রকাশ করে, একই সঙ্গে ইরানি জনগণের প্রতিরোধ ও দৃঢ় সংকল্পের সামনে তাদের অসহায়ত্ব ও হতাশাও স্পষ্ট করেছে।
নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা ও ইরানি জাতির প্রতিও সমবেদনা জানান।
আইআরজিসি প্রধান আরও বলেন, শহীদদের পবিত্র রক্তপাতের কোনোভাবেই বিচারহীনতা থাকবে না। তিনি জোর দিয়ে বলেন, দ্বিতীয় ও তৃতীয় দফায় যুক্তরাষ্ট্র-ইসরাইলের চাপিয়ে দেওয়া যুদ্ধে, বিশেষ করে হরমুজের যুদ্ধে নিহত প্রিয়জন এবং ইসলামী ইরানের সার্বভৌমত্বের জন্য প্রাণ দেওয়া অন্যান্য শহীদদের রক্তের পবিত্রতা রক্ষার দায়িত্ব আইআরজিসি ও ইরানের অন্যান্য সশস্ত্র বাহিনী পালন করে আসছে।
তিনি বলেন, তারা সর্বশক্তি দিয়ে জাতি ও ইসলামি দেশের নিরাপত্তা ও শান্তির রক্ষক হিসেবে দায়িত্ব পালন চালিয়ে যাবে।
আরও পড়ুন
- বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের ভিসা স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র
- ২৯ সেপ্টেম্বর প্রথম দফায় মিয়ানমার ফিরছেন ১৪৭৬ রোহিঙ্গা
- লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করলেন ট্রাম্প, প্রত্যাখ্যান কানাডার
- নেপালে বন্যায় মৃত্যু বেড়ে ৪৭২, নতুন বিপর্যয়ের শঙ্কায় চীনের সতর্কতা
- হরমুজ প্রণালি খুলতে ইরানকে নিষেধাজ্ঞামুক্তির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, অনড় তেহরান
- মক্কায় রেড অ্যালার্ট জারি
- বিশ্বজুড়ে ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র
- সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি কংগ্রেসে পাঠালেন ট্রাম্প, শর্ত ইসরায়েল স্বীকৃতি