সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ ১১:৪৪ এএম | আপডেট: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ ১১:৪৪ এএম
সিলেটে হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্স ও বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার (১৫ নভেম্বর) দিনগত গভীর রাতে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও কুমারগাঁও বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটেছে। তবে এতে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে অ্যাম্বুলেন্সটি পুড়ে ছাই হয়ে গেছে।
শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মিজানুর রহমান চৌধুরী ও সিলেট ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের সদস্য মোহাম্মদ জুনাইদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, রাত আড়াইটার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ভেতরে পার্কিংয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সে এসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে অ্যাম্বুলেন্সটি পুড়ে যায়। অন্যদিকে রাত ৩টার দিকে কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা।
আরএমও ডা. মিজানুর রহমান চৌধুরী জানান, হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুইটি মোটরসাইকেলে করে পাঁচ তরুণ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে অ্যাম্বুলেন্সটি পুরোটাই পুড়ে যায়।
রোববার সকালে সিলেট ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা সদস্য জুনাইদ বলেন, শামসুদ্দিন আহমদ হাসপাতালে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত ৩টা ১৫ মিনিটের সময় ফায়ার সার্ভিসের একটি গাড়ি বের হয়। পরে আগুন নিয়ন্ত্রণ করে গাড়িটি ৩টা ৪৮ মিনিটের সময় অফিসে ফিরে যায়।
তিনি আরও বলেন, শামসুদ্দিন হাসপাতালে অ্যাম্বুলেন্সের আগুন নিয়ন্ত্রণ করে গাড়িটি স্টেশনে আসার পর রাত ৩টা ৪৮ মিনিটের কুমারগাঁও বাসস্ট্যান্ডে একটি বাসে অগ্নিকাণ্ডের খবর আসে। পরে আগুন নিয়ন্ত্রণে একটি গাড়ি রাত ৩টা ৫০ মিনিটের সময় স্টেশন থেকে ছেড়ে যায়। পরে এই গাড়িটি রাত ৪টা ৫০ মিনিটের সময় স্টেশনে ফিরে আসে।
আরও পড়ুন
- কুষ্টিয়া সীমান্তে পুশ ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা
- পাবনায় স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যায় অভিযুক্তদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে তিনজনের মৃত্যু
- ৭০ ঘণ্টা পর সীমান্ত থেকে সেই ১০ জনকে ফিরিয়ে নিল বিএসএফ
- ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত, থানা ঘেরাও করে বিক্ষোভ
- তিন দশক পর টাঙ্গাইল চেম্বার অব কমার্সে নির্বাচন, আনন্দিত ব্যবসায়ীরা
- রায়ে সন্তুষ্ট রামিসার বাবা
- একাধিক সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, সতর্ক অবস্থানে বিজিবি,
- ১৪৪ ধারা অমান্য করে টাঙ্গাইলে ফের সংঘর্ষ, তিন বাড়িতে আগুন