আটোপাস আর নয়, বদলাতে হবে পরীক্ষা পদ্ধতি : শিক্ষামন্ত্রী
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ০৬:৫১ পিএম | আপডেট: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ০৬:৫১ পিএম
মেধাভিত্তিক জাতি গঠনে পরীক্ষার সিস্টেমে পরিবর্তন আনার প্রয়োজনীয়তার কথা জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ভবিষ্যতে অটোপাসের কোনো সুযোগ দেওয়া হবে না। প্র্যাকটিক্যাল পরীক্ষায় গড় নম্বর দেওয়ার প্রচলিত প্রথা থেকেও বেরিয়ে এসে প্রকৃত মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
মঙ্গলবার আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। সভায় শিক্ষা প্রতিমন্ত্রী, শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ডিজিটাল ডিভাইসের মাধ্যমে নকল ঠেকাতে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, পরীক্ষা চলাকালে কোনো সামাজিক যোগাযোগমাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মে প্রশ্ন বা প্রশ্নসংক্রান্ত কনটেন্ট আপলোড হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এসএসসি ও সমমান পরীক্ষার ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো পুনরায় তদন্ত করে হালনাগাদ তালিকা তৈরির নির্দেশ দেন তিনি। পরীক্ষা চলাকালে যেকোনো ধরনের অনিয়ম ও নকল প্রতিরোধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন শিক্ষামন্ত্রী।
পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের যথাযথভাবে বডি সার্চ নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। শিক্ষকদের সক্রিয় ভূমিকার মাধ্যমে নকল প্রতিরোধ জোরদারের আহ্বান জানান। এমনকি পরীক্ষা কেন্দ্রের টয়লেটে নকলের প্রমাণ পাওয়া গেলেও সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষকে দায়ী করা হবে বলে সতর্ক করেন।
নকল প্রতিরোধে দেশব্যাপী বিভিন্ন জেলায় উদ্বুদ্ধকরণ সভা আয়োজনের কথাও জানান শিক্ষামন্ত্রী।
যেসব জেলায় এখনো জিলা স্কুল নেই, সেখানে নতুন জিলা স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। এসব জিলা স্কুল প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত—উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত সমন্বিত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। তাঁর মতে, এতে দেশের শিক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী ও সমন্বিত হবে।
আরও পড়ুন
- বেগম খালেদা জিয়ার ছবি অবমাননায় জড়িতদের শাস্তির দাবি ইবি ইউট্যাব ও জিয়া পরিষদের
- গুচ্ছ ‘এ’ ইউনিটের ফলে গড়মিল, পরীক্ষা না দিয়েও উপস্থিত ৫৩ জন
- গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৩০ শতাংশ
- শুরু হলো অনলাইন ক্লাস কার্যক্রম
- গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষা আজ
- অনলাইন ক্লাসের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আজ
- শিখন ঘাটতি পূরণে ছুটির দিনও প্রাথমিকের ক্লাস, ১০ সপ্তাহ ছুটি বাতিল
- জবি শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা