গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৩০ শতাংশ
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ১১:০৮ এএম | আপডেট: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ১১:০৮ এএম
গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশ। সর্বোচ্চ ৮৭ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন ঢাকার মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থী তৌকির সিদ্দিকী ইশতি।
আজ বুধবার সকালে ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘এ’ ইউনিটে মোট ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন শিক্ষার্থী আবেদন করেন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৭৫.৩৫ শতাংশ, অর্থাৎ ১ লাখ ২৫ হাজার ৯৩৮ জন। অংশগ্রহণকারীদের মধ্যে ৩০ শতাংশ (৩৮ হাজার ৮৮ জন) শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। অপরদিকে ৬৯.৫০ শতাংশ (৮৭ হাজার ৭৪০ জন) শিক্ষার্থী ৩০ নম্বরের নিচে পেয়ে অকৃতকার্য হয়েছেন। এছাড়া বিভিন্ন কারণে ১১০ জনের ফল বাতিল করা হয়েছে।
ফলাফলে সর্বোচ্চ নম্বর ৮৭, যা পেয়েছেন তৌকির সিদ্দিকী ইশতি। সর্বনিম্ন নম্বর মাইনাস ১৪.২৫ পাওয়া গেছে।
‘এ’ ইউনিটের অধীনে আর্কিটেকচার বিভাগে পাসের হার তুলনামূলক কম। এ বিভাগে মোট ৩ হাজার ৫৬১ জন আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন ১ হাজার ৫৪৬ জন (৪২.৯০ শতাংশ)। এর মধ্যে মাত্র ৯ শতাংশ (১৪০ জন) শিক্ষার্থী পাস করেছেন। বিপরীতে ৯০.৫০ শতাংশ (১ হাজার ৪০৫ জন) শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। ১ জনের ফলাফল বাতিল করা হয়েছে। এই বিভাগে সর্বোচ্চ নম্বর ৫০ এবং সর্বনিম্ন নম্বর শূন্য।
শিক্ষার্থীরা জিএসটি ওয়েবসাইটে গিয়ে নিজ নিজ ফলাফল দেখতে পারবেন। ভর্তি পরীক্ষা কমিটি জানিয়েছে, ভর্তি কার্যক্রম শুরুর আগে শিক্ষার্থীদের জন্য কয়েকদিন ফলাফল রিভিউ করার সুযোগ রাখা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে ভর্তি প্রক্রিয়া শুরু হবে।
আরও পড়ুন
- এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
- বুয়েটের নতুন প্রো-ভিসি অধ্যাপক শরীফুল ইসলাম
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
- চবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ
- প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
- জলাবদ্ধতা-পরিবহন সংকটে বন্ধ চবির ক্লাস-পরীক্ষা
- ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি
- বুড়িগঙ্গা থেকে জাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার