গুচ্ছ ‘এ’ ইউনিটের ফলে গড়মিল, পরীক্ষা না দিয়েও উপস্থিত ৫৩ জন
বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ০১:০০ পিএম | আপডেট: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ ০১:০০ পিএম
গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশে একাধিক পরিসংখ্যানগত গড়মিলের অভিযোগ উঠেছে। ফলাফলে পরীক্ষা না দিয়েও ৫৩ জন শিক্ষার্থীকে উপস্থিত দেখানো হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেন।
প্রকাশিত তথ্যমতে, মোট আবেদনকারী ছিলেন ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১ লাখ ২৫ হাজার ৯৩৮ জন, যা মোট আবেদনকারীর ৭৫.৭৯ শতাংশ। তবে আগের দিন প্রকাশিত তথ্যে উপস্থিতি ছিল ১ লাখ ২৫ হাজার ৮৮৫ জন (৭৫.৭৬ শতাংশ)। ফলে পরিসংখ্যানে ৫৩ জনের অমিল দেখা গেছে।
পাশের হারেও গড়মিল লক্ষ্য করা যায়। ফলাফল অনুযায়ী, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৩০ নম্বর বা তার বেশি পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৩৮ হাজার ৮৮ জন, যা শতকরা ৩০.২৪ শতাংশ। কিন্তু কর্তৃপক্ষ পাশের হার ৩০ শতাংশ উল্লেখ করেছে। অন্যদিকে, ৩০ নম্বরের কম পেয়ে অকৃতকার্য হয়েছেন ৮৭ হাজার ৭৪০ জন। এ সংখ্যা শতকরা হিসাবে ৬৯.৬৭ শতাংশ হওয়ার কথা থাকলেও ৬৯.৫০ শতাংশ দেখানো হয়েছে।
এদিকে, গতদিনের হিসেব অনুযায়ী অনুপস্থিত ছিলেন ৪০ হাজার ২৭৭ জন (২৪.২৪ শতাংশ) শিক্ষার্থী। এবারের হিসেবে তা দেখানো হয়েছে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৪০ হাজার ২২৪ জন শিক্ষার্থী। যেখানে আবার দেখানো হয়েছে ২৪.২০ শতাংশ। এছাড়া রোল নম্বর ও পরিচয়পত্র পূরণে ভুলের কারণে ১১০ জনের খাতা বাতিল করা হয়েছে।
মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেছেন ঢাকার মোহাম্মদপুর সরকারি কলেজের শিক্ষার্থী তওকির সিদ্দিকী ইশতি। তিনি ৮৭ নম্বর পেয়ে শীর্ষস্থান অর্জন করেন। সর্বনিম্ন প্রাপ্ত নম্বর ছিল মাইনাস ১৪.২৫।
হিসাব গড়মিলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আমাদের কোনো গুচ্ছের মেম্বার নেই। তারা মৌখিক হিসেব দিয়েছে আমাদেরকে। এক্ষেত্রে সেখানে কিছু তথ্যের গড়মিল হতে পারে। আমরা পুনরায় যাচাই-বাছাই করে দেখতেছি।
আরও পড়ুন
- এসএসসিতে পুনঃনিরীক্ষার ফল প্রকাশ, ফেল থেকে পাস সাড়ে চার হাজার
- ঢাবি নৃত্য সংসদের আংশিক কমিটি ঘোষণা
- এক কোটি কর্মসংস্থান বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ড. মামুন
- শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিতে একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: শিক্ষামন্ত্রী
- এবার ৫৭ বিদ্যালয়য়ে একজন শিক্ষার্থীও পাস করেনি
- দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬১৭৬ জন
- এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- আগামীকাল এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ