1. »
  2. শিক্ষা

নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গুরুত্বারোপে 'সাফি মাল্টিমিডিয়া স্কুলে'র ব্যতিক্রমধর্মী উদ্যোগ

মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ০৪:৪৪ পিএম | আপডেট: মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ০৪:৫২ পিএম

নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গুরুত্বারোপে 'সাফি মাল্টিমিডিয়া স্কুলে'র ব্যতিক্রমধর্মী উদ্যোগ

শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও ধর্মীয় মূল্যবোধ বিকাশে ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে জয়পুরহাটের নুনুজ কালাইয়ের 'সাফি মাল্টিমিডিয়া স্কুল'। সম্প্রতি বিদ্যালয়টিতে প্লে থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে "জীবন ও চরিত্র গঠন" বিষয়ক বিশেষ মৌখিক পরীক্ষা (ভাইভা) সফলভাবে সম্পন্ন হয়েছে।

গতকাল সোমবার (১১ মে) বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এর আগে গত ৩ মে মৌখিক পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় আব্দুল্লাহ-হেল সাফি প্রথম, মো. ইব্রাহিম খলিলুল্লাহ দ্বিতীয় এবং মোছা. মারিয়া আক্তার লিজা তৃতীয় স্থান অর্জন করে।

অনুষ্ঠানে অতিথি ও মূল্যায়নকারী হিসেবে উপস্থিত ছিলেন মোসলেমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব আব্দুল খালেক, আল হেরা নুরানী হাফেজিয়া মাদ্রাসার সভাপতি জনাব মোহাম্মদ রাজা, প্রধান শিক্ষক জনাব হাফেজ মোহাম্মদ আরিফুল ইসলাম এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের শিক্ষার্থী তৌকির আহমেদ তন্ময়। তাঁদের মূল্যবান দিকনির্দেশনা ও পর্যবেক্ষণ শিক্ষার্থীদের উৎসাহিত করেছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বর্তমান সময়ে শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষাই যথেষ্ট নয়, বরং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলির বিকাশ ঘটানোও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ভাবনা থেকেই এই ব্যতিক্রমধর্মী পরীক্ষার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের পরিচালক জনাব মো. আব্দুল ওয়াজেদ বলেন, "একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে নৈতিক শিক্ষা ও চরিত্র গঠনের কোনো বিকল্প নেই। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে সমাজে অবদান রাখুক।"

এ বিষয়ে অভিভাবক জনাব মিলন সন্তোষ প্রকাশ করে বলেন, "অল্প সময়ের মধ্যেই স্কুলটি এলাকায় একটি ইতিবাচক সুনাম তৈরি করতে সক্ষম হয়েছে। শিক্ষার্থীদের চরিত্র গঠন ও মানসম্মত শিক্ষার জন্য বিদ্যালয়টির গৃহীত উদ্যোগগুলো সত্যিই প্রশংসার দাবিদার।"

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের সার্বিক বিকাশে ভবিষ্যতেও এ ধরনের সৃজনশীল ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।