গাজিপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. জাহিদুর রহমান
শুক্রবার, ১২ জুন, ২০২৬ ১০:২১ এএম | আপডেট: শুক্রবার, ১২ জুন, ২০২৬ ১০:২৫ এএম
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) নতুন প্রো-ভাইস চ্যান্সেলর (উপ-উপাচার্য) হিসেবে নিয়োগ পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. জাহিদুর রহমান। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, 'গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮ (সংশোধিত আইন, ২০২৫)'-এর ১২(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. মো. জাহিদুর রহমানকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তাঁর এই নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে আগামী ৪ (চার) বছর পর্যন্ত বলবৎ থাকবে। তবে এর মধ্যে তাঁর স্বাভাবিক অবসরের বয়স পূর্ণ হলে সেই সময় পর্যন্তই তিনি স্বীয় পদে বহাল থাকবেন। দায়িত্ব পালনকালীন সময়ে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করাসহ সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
জানা যায়, অধ্যাপক ড. মো. জাহিদুর রহমান তাঁর শিক্ষাজীবনে সমসাময়িক সময়ে দেশের সকল কৃষি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম শ্রেণীতে প্রথম (ফার্স্ট ক্লাস ফার্স্ট) স্থান অধিকারসহ রেকর্ড নম্বর অর্জনের গৌরব লাভ করেন। শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের অন্যতম শ্রেষ্ঠ কৃষি শিক্ষাবিদ (অ্যাকাডেমিশিয়ান) হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে তাঁকে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে ভূষিত করা হয়।
উল্লেখ্য, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শের শিক্ষক হিসেবে অত্যন্ত সুপরিচিত ও স্বনামধন্য এই শিক্ষাবিদ সর্বশেষ চব্বিশের জুলাই বিপ্লবের ছাত্র-জনতার আন্দোলনেও সম্মুখ সারির যোদ্ধা হিসেবে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করেছেন।
আরও পড়ুন
- নৈতিক শিক্ষায় সাফি মাল্টিমিডিয়া স্কুলের ব্যতিক্রমী উদ্যোগ
- শিক্ষার্থীদের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা আয়োজিত
- বাংলা কিউআরে লেনদেনে লাগবে না কোনো ফি: অর্থমন্ত্রী
- একাদশে ভর্তির চূড়ান্ত ফল প্রকাশ, আজ থেকে কলেজে ভর্তি
- একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর
- ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনে প্রশাসনের আপত্তি, তদন্ত কমিটি গঠন
- গবেষণা-উদ্ভাবনভিত্তিক উচ্চশিক্ষায় জোর সরকারের: ড. মামুন
- ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি ভাঙচুর সাবেক শিক্ষার্থীর