এবার ৫৭ বিদ্যালয়য়ে একজন শিক্ষার্থীও পাস করেনি
সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ১১:৫৭ এএম | আপডেট: সোমবার, ১০ আগস্ট, ২০২৬ ১১:৫৭ এএম
চলতি বছরের এসএসসি পরীক্ষায় দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। গত বছর এই সংখ্যা ছিল ৪৮টি।
সোমবার (১০ আগস্ট) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঘোষিত ফলাফলে এই তথ্য উঠে এসেছে।
শুধু সাধারণ শিক্ষা বোর্ডেই নয়, মাদ্রাসা ও কারিগরি বোর্ডেও শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। এবার মাদ্রাসা শিক্ষা বোর্ডে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ২২৬টি, গত বছর যা ছিল ৮৬টি। কারিগরি শিক্ষা বোর্ডে এবার শূন্য পাস প্রতিষ্ঠান ২৯টি, যেখানে গত বছর এই সংখ্যা ছিল শূন্য।
ফলাফলে দেখা গেছে, এবার এসএসসিতে পাস করেছে ৬৪.০৫ শতাংশ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৬৭.৯১ শতাংশ এবং ছাত্রদের ৫৯.৭৩ শতাংশ। অর্থাৎ ছাত্রীরা ফলাফলে এগিয়ে রয়েছে। দাখিলে পাসের হার ৫৫.৪৯ শতাংশ।
এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় ছিল ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার লিখিত অংশ শুরু হয়েছিল ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে, আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে। সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়ে থাকে। সে হিসাবে গত ২০ জুলাই ফল প্রকাশের কথা থাকলেও এবার নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর ফল প্রকাশ করা হলো।
ফল প্রকাশের পর ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে। পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
আরও পড়ুন
- দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫.৪৯ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬১৭৬ জন
- এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- আগামীকাল এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
- এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ঢাবির ৬ অধ্যাপককে অব্যাহতি
- এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা
- বুয়েটের নতুন প্রো-ভিসি অধ্যাপক শরীফুল ইসলাম
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত