1. »
  2. শিক্ষা

এসএসসিতে পুনঃনিরীক্ষার ফল প্রকাশ, ফেল থেকে পাস সাড়ে চার হাজার

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০২:৪৫ পিএম | আপডেট: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ ০২:৪৫ পিএম

এসএসসিতে পুনঃনিরীক্ষার ফল প্রকাশ, ফেল থেকে পাস সাড়ে চার হাজার

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী, আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ জন। বিভিন্ন বিষয়ে ফল পরিবর্তন হয়েছে আরও অনেক পরীক্ষার্থীর।

বৃহস্পতিবার সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের এই ফল প্রকাশ করা হয়। আবেদনকারীদের মুঠোফোনেও এসএমএসের মাধ্যমে ফল জানানো হয়েছে। এ ছাড়া rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইট থেকেও ফল জানা যাচ্ছে।

গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশিত হয়েছিল, আর পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ শেষ হয় ১৭ আগস্ট রাতে। সেই হিসাবে মূল ফলের ৩১ দিন এবং আবেদন শেষ হওয়ার ২৪ দিন পর প্রকাশ হলো পুনঃনিরীক্ষণের ফল।

এবার পুনঃনিরীক্ষণে রেকর্ডসংখ্যক আবেদন জমা পড়ে। ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ৪ লাখ ২ হাজার ৫১ জন পরীক্ষার্থী আবেদন করেন। একজন পরীক্ষার্থী একাধিক বিষয়ের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে পারায় মোট আবেদনের সংখ্যা পরীক্ষার্থীর চেয়ে বেশি।

সব মিলিয়ে লিখিত পরীক্ষার ১০ লাখ ৫৬ হাজার ৪৫৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ২ লাখ ৩১ হাজার ৪৭১টি—অর্থাৎ মোট ১২ লাখ ৮৭ হাজার ৯২৬টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন জমা পড়ে।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান আগেই জানিয়েছিলেন, এবার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। আগের নিয়মে শুধু নম্বর যোগে ভুল হয়েছে কি না তা যাচাই করা হতো, পুরো উত্তরপত্র নতুন করে মূল্যায়ন করা হতো না। এবার আবেদন করা উত্তরপত্র পুনরায় মূল্যায়নও করা হয়েছে বলে জানান তিনি।

সবচেয়ে বেশি আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে—৯৪ হাজার ২৩৬ জন পরীক্ষার্থী লিখিত পরীক্ষার ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি এবং ব্যবহারিক পরীক্ষার ৫৮ হাজার ১২টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেন।

এ ছাড়া কুমিল্লা বোর্ডে ৩৫ হাজারের বেশি, রাজশাহীতে ৩৯ হাজারের বেশি, যশোরে ২৮ হাজারের বেশি, চট্টগ্রামে ৩৯ হাজারের বেশি, বরিশালে ১৭ হাজারের বেশি, সিলেটে ২০ হাজারের বেশি, দিনাজপুরে ৩৭ হাজারের বেশি এবং ময়মনসিংহ বোর্ডে ২৭ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী আবেদন করেন। মাদরাসা শিক্ষা বোর্ডে ৪০ হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২০ হাজারের বেশি পরীক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেন।

চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ, যা গত ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন। মূল ফল প্রকাশের পর অসন্তুষ্ট শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেছিলেন। রেকর্ডসংখ্যক সেই আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার প্রকাশ করা হলো পুনঃনিরীক্ষণের ফল।